পিরোজপুর জেলা ছাত্রলীগ সভাপতির স্বাক্ষর জাল করে সদর উপজেলা কমিটির অনুমোদন দেয়ার অভিযোগ ওঠেছে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
সাধারণ সম্পাদক অনিকের একক স্বাক্ষরে শুক্রবার সকালে প্রথমে ওই কমিটি ঘোষণা করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে সমালোচনার মুখে পড়েন। পরবর্তীতে বিকালে তিনি জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটুর সই করা কমিটির আরেকটি কপি ফেসবুকে দেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির এ কপি ছড়িয়ে পড়ে।
বিষয়টি নজরে আসলে ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু তার নিজের সই জাল করে এ কমিটি দেয়া হয়েছে বলে অভিযোগ তুলেন। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন।
ফেসবুকে তিনি লেখেন, এ সই আমার না। আমার সই নকল বা স্ক্যান করে যে বা যাহারা ফেসবুকে ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। প্লিজ ছাত্রলীগকে হাসির পাত্র বানাবেন না কেউ।
এ বিষয়ে সভাপতি জাহিদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, পিরোজপুর সদর উপজেলা ছাত্রলীগের কমিটি দেয়ার ক্ষেত্রে আমার স্বদিচ্ছার অভাব নেই। কিন্তু স্থগিতাদেশ থাকার পরও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক যেভাবে কমিটি দিয়েছেন, তা কখনোই গ্রহণযোগ্য নয়।
আমি বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছি। এমনকি ফেসবুকেও স্ট্যাটাস দিয়ে জানিয়েছি। পিরোজপুর সদর উপজেলা ছাত্রলীগের ভাইরাল হওয়া কমিটির স্বাক্ষর আমার নয়।
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিককে ফোন করা হলেও তার ব্যবহত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
২০১৮ সালের ৭ মে জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। সে সময় সদর উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছিলেন সংগঠনের সাবেক সভাপতি সাইফুর রাহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
ওই স্থগিতাদেশ বহাল থাকার পরও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের বিরুদ্ধে বিতর্কিত কমিটি ঘোষণার অভিযোগ উঠল।
http://dlvr.it/SHbGdm


0 Comments