রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে প্রাণ হারানো ২৫ বছর বয়সী এই যুবকের নাম হাবিবুল্লাহ। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার খাবাসপুর গ্রামের বাসিন্দা।
গুরুতর আহত অবস্থায় হাবিবুল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম নিউজবাংলাকে বলেন, সকাল ৭টার দিকে বাড্ডা বৌদ্ধ মন্দিরের পশ্চিম পাশে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই যুবক। তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এসআই আরও বলেন, গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হাবিবুল্লাহর শ্যালক রাব্বি বলেন, দুলাভাই পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন। রাতে বাসা থেকে কাজে বের হয়েছিলেন। পরে সকালে খবর পাই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। পরে মেডিক্যালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।
হাবিবুল্লাহ মধ্য বাড্ডা ইউসেপ স্কুল গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। ইয়াসিন নামে আড়াই বছরের এক ছেলে রয়েছে তার।
http://dlvr.it/SJb6g1


0 Comments