আগামী ২৩ মার্চ প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দি অ্যাসাঞ্জের বিয়ের আনুষ্ঠানিকতা এই কারাগারেই সম্পন্ন হবে। বিয়ের আয়োজনে মাত্র চারজন উপস্থিত থাকার অনুমতি পেয়েছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান। ৫০ বছর বয়সী অ্যাসাঞ্জের হববধূ পেশায় একজন আইনজীবী। ৩৮ বছর বয়সী এই নারীর নাম স্টেলা মরিস। অ্যাসাঞ্জের সঙ্গে ছবি পোস্ট করে এক টুইট বার্তায় মরিস জানান, কারাগার কর্তৃপক্ষ বিয়ে তারিখর নির্ধারণ করেছে। ২৩ মার্চ দুপুর ১টায় বিয়ে হবে। ২০১১ সালে অ্যাসাঞ্জের আইনজীবী দলে যোগ দেন মরিস। অ্যাসাঞ্জের সঙ্গে তখনই তার প্রথম দেখা। যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে থাকার সময় সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতেন মরিস। এরপর ২০১৫ সালের দিকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে অ্যাসাঞ্জ ওই দূতাবাসে থাকার সময়ই গর্ভধারণ করেন মরিস। তাদের দুটি সন্তান রয়েছে। এমন সময়ে অ্যাসাঞ্জ ও মরিসের বিয়ে হচ্ছে যার মাত্র এক সপ্তাহ পরই অ্যাসাঞ্জের গ্রেপ্তারের তিন বছর পূর্তি হতে যাচ্ছে। অ্যাসাঞ্জের সঙ্গে রোববারই কথা বলেছেন মরিস। একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, যদিও আনুষ্ঠানিকতায় বিধিনিষেধ রয়েছে। তবুও আমি অনেক ব্যাপারটি নিয়ে খুবই উত্তেজিত। মরিস বলেন, আমাদের পরিকল্পনায় অযৌক্তিক হস্তক্ষেপ অব্যাহত রয়েছে। এক ঘণ্টার জন্য একজন ফটোগ্রাফার থাকা অযৌক্তিক কোনো অনুরোধ নয়। গার্ডিয়ান জানিয়েছে, মরিসের বিয়ের পোশাকের ডিজাইন করছেন জনপ্রিয় ব্রিটিশ ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড। অ্যাসাঞ্জও পরবেন তারই ডিজাইন করা স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ মার্কিন গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির আইনের মামলার আসামি তিনি। লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ২০১২ সাল থেকে আশ্রয় নিয়ে থাকা অ্যাসাঞ্জকে ২০১৯ সালে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বেলমার্শ কারাগারে আছেন তিনি।
http://dlvr.it/SLfRzX