শেল্টার হাউজ থেকে মালদোভার পথে যাত্রা শুরু করেছেন ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক ও ক্রু।
বাংলাদেশ সময় শনিবার দুপুর ১টার দিকে এ যাত্রা শুরু করেন তারা। এ যাত্রায় হাদিসুর রহমানের মরদেহ সঙ্গে নেই নাবিক-ক্রুদের।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সভাপতি ক্যাপ্টেন মো. এনাম চৌধুরী।
তিনি বলেন, ইউক্রেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের একটি সংস্থার সাহায্যে বাসে করে তারা ইউক্রেনের অলিভিয়া পোর্ট থেকে ২০০ কিলোমিটার দূরে মালদোভার পথে যাত্রা শুরু করেছেন। আমাদের সঙ্গে নাবিকদের যোগাযোগ হয়েছে, তবে এ যাত্রায় হাদিসুর রহমানের মরদেহ আনা সম্ভব হচ্ছে না।
তার মরদেহ বাংকারে ফ্রিজারে রাখা হয়েছে। ২৮ নাবিক-ক্রু নিরাপদে ফিরে আসলে এরপর মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।
তিনি বলেন, পথে নানা ঝুঁকি আছে। তাদের যাত্রার আগে অগ্রবর্তী একটি রেকি টিম গেছে। তাদের সবুজসংকেত পেয়েই যাত্রা আরম্ভ হয়।
অলিভিয়া থেকে মালদোভা নিকটে হওয়ায় সেদিকেই যাত্রা। কোনো কারণে ওই পথে সমস্যা হলে রোমানিয়াতেও যেতে পারে। সবাই ওদের জন্য দোয়া করবেন।
গত ২ মার্চ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে ইউক্রেনের অলিভিয়া বন্দর চ্যানেলে আটকে থাকা বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলা হয়। এতে মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন।
এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়া। দেশটি হামলার দায় চাপিয়েছে ইউক্রেনের ওপর।
http://dlvr.it/SL718z


0 Comments