রাজধানীর লালবাগের আব্দুল আজিজ লেনে সাবরিনা আক্তার নামে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আজমাইন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ।
সাবরিনা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার বাড়ি ফেনীর সোনাগাজী।
রোববার ভোরে আব্দুল আজিজ লেনের ভাড়া বাসায় টয়লেটে পড়ে সাবরিনা মারা গেছেন বলে জানিয়েছেন স্বামী আজমাইন।
তবে সাবরিনার বাবা সন্দেহ করছেন হত্যা করা হতে পারে। এ নিয়ে থানায় তিনি অভিযোগ করলে আজমাইনকে আটক করা হয়েছে বলে জানান লালবাগ থানার ওসি।
আজমাইনের বরাত দিয়ে তিনি বলেন, রোববার ভোর ৪টার দিকে আজমাইন বিছানায় সাবরিনাকে না পেয়ে টয়লেটে গিয়ে দেখতে পান পড়ে আছেন। সেখানেই মৃত্যু হয়।
ঘটনার পর সাবরিনার পরিবারকে জানানো হয়। তাদের উপস্থিতিতে সাবরিনাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
তবে রোববার রাতে সাবরিনার বাবা মো. হাসেম লালবাগ থানায় অভিযোগ করেন, সাবরিনার মুখ তাদের দেখতে দেয়া হয়নি।
লালবাগ থানার ওসি জানান, সাবরিনার বাবার সন্দেহ মেয়েকে আজমাইন হত্যা করেছেন। এই অভিযোগে সাবরিনার স্বামীকে আটক করা হয়েছে।
সাবরিনার বাবার দেয়া অভিযোগ মামলা আকারে হস্তান্তরে প্রক্রিয়াধীন আছে জানিয়ে ওসি মোর্শেদ বলেন, আসামি হত্যার কথা স্বীকার করেননি। তিনি বলছেন, সাবরিনা পড়ে মারা গেছেন।
সাবরিনার মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়েছে। তদন্তের প্রয়োজনে সাবরিনার মরদেহ উত্তোলন করা হতে পারে বলে জানান লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম।
তিনি বলেন, হত্যার অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আমরা আটক করেছি। ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে মরদেহ উত্তোলন করা হতে পারে। তদন্তের স্বার্থে আইনত সব ব্যবস্থা আমরা নেব।
http://dlvr.it/SLfy6d


0 Comments