ভারতের ক্রিকেট ইতিহাসের ১২তম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলতে নামেন ভিরাট কোহলি। যার হাত থেকে শততম টেস্টের বিশেষ স্মারক টুপিটা নিলেন সেই রাহুল দ্রাবিড়ও এই ইতিহাসের অংশ।
শচীন টেন্ডুলকারের পরে ভারতের জার্সিতে লাল বলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার দ্রাবিড়। এখন দলের হেড কোচ তিনি। কোহলির আবেগ আপ্লুত হওয়ার আরও কারণ আছে।
পাশেই দাঁড়ানো সহধর্মিনী আনুশকা শর্মা। গ্যালারিতে রয়েছেন কোহলির বড় ভাই বিকাশ কোহলি। পুরো আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে সবুজ ঘাসে ঢুকলেন আধুনিক ক্রিকেটের আলোচিত এ ব্যাটার।
মোহালি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক মুহূর্তটায় আবেগ ধরে রাখতে পারলেন না কোহলি।
শততম টেস্টের বিশেষ টুপি হাতে নিয়ে কোহলি বলেন, ধন্যবাদ রাহুল ভাই, আমার জন্য এটা একটা খুব স্পেশাল মুহূর্ত। আমার স্ত্রী রয়েছে এখানে। আমার ভাই রয়েছে গ্যালারিতে। এই পথ চলাটা দলগত। তোমাদের ছাড়া সেটা সম্ভব হতো না। বিসিসিআইকে ধন্যবাদ।
এই সম্মান এর থেকে ভালো কারও হাত থেকে পাওয়া সম্ভব ছিল না। আমার ছোটবেলার হিরো। অনূর্ধ্ব ১৫ দলে খেলার সময় রাহুল ভাইয়ের সঙ্গে তোলা ছবিটা এখনও আছে আমার কাছে।
কোহলির আগে ভারতের শততম টেস্ট খেলার এই মাইলফলক ছুঁয়ে দেখেন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাস্কার, ভিভিএস লক্ষণ, অনিল কুম্বলে, ভিরেন্দর শেওয়াগ, ইশান্ত শর্মা, হরবাজন সিং, ইশান্ত শর্মা ও দিলিপ ভেঙ্গসরকার।
এমন বিরল তালিকায় যোগ হলো কোহলির নাম। এই দিনটা নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার হবে বলে বিশ্বাস কোহলির। বলেন এখনকার সময় প্রচুর ক্রিকেট খেলা হয়। তিন ধরনের ক্রিকেটের পাশাপাশি রয়েছে আইপিএল। আগামী প্রজন্ম আমার কাছ থেকে একটা জিনিস নিতে পারে, তা হলো- ক্রিকেটের কুলীনতম ধরনে ১০০টি ম্যাচ খেলেছি আমি।
শ্রীলঙ্কার লেগ স্পিনার লাসিথ এমবোলদুনিয়ার বলে আউট হওয়ার পর ৪৫ রানে ইনিংসের ইতি হয় কোহলির। ছবি: টুইটার
দ্রাবিড়ের পরের প্রজন্ম বলা যেতে পারে কোহলিকে। দ্রাবিড়-ভিভিএস যুগের পর প্রথম ব্যাটার হিসেবে কোহলির শততম টেস্ট খেলাকে অর্জন হিসেবে দেখছেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়।
তিনি বলেন, এই সম্মান ওর প্রাপ্য, এটা ও অর্জন করে নিয়েছে। আমরা সাজঘরে যেমন বলি, এটাকে দ্বিগুণ করো।
সবকিছু মিলিয়ে টেস্টটা কোহলির সমর্থকদের জন্যও বিশেষ। এমন বিশেষ দিনে প্রথম ইনিংসে ৪৫ রান করে সাজঘরে ফেরেন কোহলি। পরের ইনিংসে কি সেঞ্চুরি করে আরও স্মরণীয় করে রাখবেন এই স্টাইলিশ ব্যাটার?
http://dlvr.it/SL3vBZ


0 Comments