ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে দেশে খাদ্যশস্যের দাম কিছুটা বেড়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরু চালের দাম কিছুটা বেড়েছে। তবে মোটা চালের দাম বাড়েনি। আমরা খেটে খাওয়া মানুষ নিয়ে চিন্তিত। তাদের জন্য আমরা ওএমএসের মাধ্যমে চাল দিচ্ছি। কয়েকদিনের মধ্যে ৫০ লাখ দরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা দরে চাল বিতরণ করা হবে। তেলসহ কয়েকটি খাদ্যের ওপর সরকার টেক্স কমিয়ে দিয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। পরিদর্শনকালে তার সঙ্গে ঢাকায় সফররত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোংয়ু, কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে মন্ত্রী, তার সফর সঙ্গী কিউ দোংয়ু সদর উপজেলার বহুরিয়াচালা ও কোলতিয়া গ্রামে মৎস্য ও পোল্ট্রি খামার এবং বোরো ধান ক্ষেত পরিদর্শন করেন। আব্দুর রাজ্জাক বলেন, আমরা মৎস্য, পোল্ট্রি ও ধানসহ সব কৃষিকাজ বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে করার জন্য কাজ করছি, যাতে কৃষিকাজ লাভজনক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়তে কাজ করছি। বাংলাদেশ অচিরেই সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যাতে পোলট্রি, ফিস ও ডেইরি শিল্পকে শিল্পখাতের স্থলে কৃষি ফার্ম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে, সে বিষয়ে কাজ চলছে বলে জানান মন্ত্রী।
http://dlvr.it/SLYZTh