ঢাকাসহ দেশের সব সেনানিবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রধানমন্ত্রী পুস্পস্তবক অর্পনকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী গার্ড অব অনার প্রদান করা হয়। পরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক পুস্পস্তবক অর্পনকালে আন্তঃবাহিনী গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তিন বাহিনী প্রধানগণ ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে সড়কপথে ঢাকা থেকে টুঙ্গীপাড়ায় গমনাগমনের ব্যবস্থা করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকাসহ সব সেনানিবাসের প্রতিটি প্রবেশ পথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সুসজ্জিত করা হয়। ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয়ভাবে সেনাকুঞ্জে এবং ঢাকার সব ইউনিট, প্রতিষ্ঠান ও সদর দপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর আলোচনা অনুষ্ঠান ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সেনাকুঞ্জে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। ঢাকা সেনানিবাসের পাশাপাশি সেনাবাহিনীর সব ফরমেশন, ইউনিট ও প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবনীর ওপর আলোচনা অনুষ্ঠান ও ভিডিও চিত্র প্রদর্শন হয়। একই সঙ্গে জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চিলড্রেন ক্লাবগুলোতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। সেনাবাহিনীর সব ইউনিট, প্রতিষ্ঠান ও সদর দপ্তর সমূহের পাশাপাশি সেনাবাহিনী পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতার জীবনীর ওপর আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিনে জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সেনানিবাসগুলোর সব মসজিদে বিশেষ মোনাজাত হয়।
http://dlvr.it/SLsFv9