চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত সেই মাহাদি জে আকিবের মাথার খুলি প্রতিস্থাপন করা হবে আগামী সপ্তাহে।
মঙ্গলবার বিকেলে নিউজবাংলাকে এই তথ্য জানান হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক এস এম নোমান খালেদ চৌধুরী।
তিনি নিউজবাংলাকে বলেন, গতকাল তার বেশ কিছু পরীক্ষা করা হয়েছিল। আজ বেশিরভাগ রেজাল্ট পাওয়া গেছে। রেজাল্ট মোটামুটি পজিটিভ বলা যায়। আগামী সপ্তাহে তার মাথার খুলি প্রতিস্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তারিখ ও সময় চূড়ান্ত হয়নি।
আকিবের বাবা গোলাম ফারুক মজুমদার নিউজবাংলাকে বলেন, দেশের সবাই আমার ছেলের জন্য দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। তার সুচিকিৎসা হয়েছে। এখন তার মাথার যে হাড়টা বিশেষ কায়দায় পেটে রাখা হয়েছে সেটা প্রতিস্থাপন করা হবে। তবে এখনও সময় নির্ধারণ করা হয়নি। আমি আবারও সবার কাছে দোয়া চাই আমার ছেলের জন্য।
গত বছরের ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারীরা ছাত্রলীগের সংঘর্ষে আহত হন তিনজন। তাদের মধ্যে আকিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়।
এ সময় আকিবের মাথায় ব্যান্ডেজের ওপর হাড় নেই, চাপ দেবেন না লেখা একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়।
এরপর ১৮ নভেম্বর দীর্ঘ ১৮ দিন আইসিইউতে থাকার পর তাকে কুমিল্লার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সর্বশেষ রোববার বিকেলে বিশেষ কায়দায় পেটে রেখে দেয়া মাথার খুলি প্রতিস্থাপনের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
http://dlvr.it/SKs6F6


0 Comments