Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নেতাকে নিয়ে সংবাদ নেই, সাংবাদিককে ছাত্রলীগ কর্মীর মারধর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ. এফ. রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলামকে নিয়ে সংবাদ না করায় এক সাংবাদিককে মারধর করেছে রিয়াজের অনুসারী এক ছাত্রলীগকর্মী। বৃহস্পতিবার হলের ১১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ কর্মী ফারহান তানভীর নাসিফ ওরফে আগুন ভাষাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি স্যার এ. এফ. রহমান হল ছাত্রলীগের সভাপতি মো. রিয়াজুল ইসলামের পক্ষের কর্মী। আর রিয়াজুল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী। অন্যদিকে মারধরের শিকার রিফাত ইসলাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং অনলাইন পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাস-এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। মারধরের বিষয়ে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। রিফাত ইসলাম বলেন, গত ১১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অনশনরত মহিউদ্দিন রনির অনশন ভাঙাতে যান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ওই সময় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ও উপস্থিত ছিলেন। দ্য ডেইলি ক্যাম্পাসে রনির অনশন ভাঙালেন ঢাবি ভিসি শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে জয়ের নাম হাইলাইট করা হয়নি কেন তা জানতে চেয়ে অভিযুক্ত নাসিফ আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। গতকাল (বুধবার) এফআর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুনের একটি লেখা দ্য ডেইলি ক্যাম্পাস প্রকাশ করে। মুনেম শাহরিয়ার ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী। মুনের লেখা প্রকাশ করায় সেটি নিয়ে আজ আমাকে আবার জেরা করতে শুরু করে নাসিফ। বলে- তুই রিয়াজুল ইসলাম ভাইয়ের (সভাপতি) গ্রুপে থাকিস আর নিউজ করিস, লেখা পাবলিশ করিস অন্য গ্রুপের নেতার (সাধারণ সম্পাদক)। আর নিজের গ্রুপের নেতাদের কোনো নিউজ করিস না। তুই যদি আমার জুনিয়র হইতি তাহলে তোরে লাত্থি মেরে হল থেকে বের করে দিতাম। আমি এমন কথার প্রতিবাদ করায় নাসিফ আমার তলপেটে লাথি মারে। পরে বুকে আর মুখে উপর্যুপরি ঘুষি মারে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নাসিফকে একাধিকার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, তাদের এই ঘটনা পারস্পরিক বিভেদের জেরে হয়েছে। আমি এ ঘটনা শোনার পর দুইজনকে ডেকে মিমাংসা করে দিয়েছি। ভবিষ্যতে নাসিফ এরকম কাজ আর করবে না। এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের সংবাদকর্মীরা হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাইফুল ইসলাম খানের কাছে গেলে তিনি বলেন, আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এখন তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
http://dlvr.it/SNbFzT

Post a Comment

0 Comments