প্রাণঘাতি দুটি মাস পেরিয়ে নভেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ কমে আসার ইঙ্গিত মিলেছে। রোগীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। সেই সঙ্গে কমছে মৃত্যু। এই জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও একজন মিলিয়ে নভেম্বরে মৃত্যু দাঁড়াল এই ১০১ জনে। সব মিলিয়ে চলতি বছর মৃত্যু দাঁড়িয়েছে ২৪২ জন। এ নিয়ে টানা দুই দিন একজন করে মৃত্যু হলো। এর আগে ১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ থেকে ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে এই সময়ে ভর্তি হয় ২২১ জন, যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৫১৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এসেছেন ১৪১ জন আর ঢাকার বাইরে ৮০ জন। বর্তমানে সারা দেশে ১ হাজার ৯৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন, যা আগের দিন ছিল ২ হাজার ২২ জন। এই রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে আছেন ১ হাজার ১৩৫ জন, যা আগের দিন ছিল ১ হাজার ১৪২। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে এখন ভর্তি আছেন ৮৩৪ জন, যা আগের দিন ছিল ৮৮০ জন। সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ দেখা গেলেও চলতি বছর সেপ্টেম্বর থেকেই এই রোগ বাড়তে থাকে। শীতের আগে আগে বছরের যে সময়ে রোগী দেখা যায় না, সেই সময়েই সবচেয়ে বেশি মৃত্যু দেখছে মানুষ। অক্টোবর মাসও ছিল ভয়ঙ্কর, সে মাসে মৃত্যু হয় ৮৬ জনের। নভেম্বরের ২৫ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ২১২ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫ হাজার ১৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫ হাজার ২৮৭ ও ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৫৮ জন। এ পর্যন্ত ডেঙ্গু থেকে সেরে উঠেছেন ৫২ হাজার ৯৩৪ জন। ঢাকা ৩৪ হাজার ৫ জন এবং ঢাকার বাইরে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯২৯ জন।
http://dlvr.it/SdLvPD