জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পদত্যাগ দাবি করেছে ইসরায়েল।
দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলে মঙ্গলবার এ কথা জানানো হয়।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান গুতেরেসকে সন্ত্রাসের পক্ষ সমর্থনকারী উল্লেখ করে এ দাবি জানান।
জাতিসংঘের মহাসচিব গাজা উপত্যকার উত্তর থেকে দক্ষিণে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়ার জন্য পরোক্ষভাবে ইসরায়েলের সমালোচনা করে বলেছিলেন, ৭ অক্টোবর এমনি এমনি হামলা করেনি হামাস।
হামাসের হামলার প্রেক্ষাপট নিয়ে জাতিসংঘের প্রধান বলেন, হামাসের হামলা যে এমনি এমনি হয়নি, তা স্বীকার করাটাও গুরুত্বপূর্ণ। ৫৬ বছর ধরে দম বন্ধ হওয়া দখলদারত্বে রয়েছে ফিলিস্তিনের জনগণ।
এদিকে একই কারণে জাতিসংঘের কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি মিডিয়া এরদানকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে বলে আল জাজিরার বুধবারের প্রতিবেদনে বলা হয়।
এরদান আর্মি রেডিওকে বলেন, তার (গুতেরেসের) মন্তব্যের কারণে আমরা জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা দিতে অস্বীকার করব। আমরা এরই মধ্যে আন্ডার সেক্রেটারি জেনারেল ফর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স মার্টিন গ্রিফিথসের ভিসা প্রত্যাখ্যান করেছি। তাদের শিক্ষা দেয়ার সময় এসেছে।
হামাসের হামলার পর ৭ অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির অব্যাহত বোমাবর্ষণে গাজায় প্রাণ গেছে কমপক্ষে পাঁচ হাজার ৭৯১ ফিলিস্তিনির। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় প্রাণ যায় এক হাজার চার শর বেশি ইসরায়েলির।


http://dlvr.it/SxwBZr