স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত ও পাচারে অভিযুক্ত আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুর সম্পদ জব্দ ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আদালতের নির্দেশে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান দুদকের সচিব মো. মাহবুব হোসেন।
মাহবুব হোসেন বলেন, তার বিরুদ্ধে দুদকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। গোয়েন্দা তথ্য রয়েছে তিনি এখন দেশে অবস্থান করছেন। তদন্তের স্বার্থেই এসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
মিঠুকে দুদক গ্রেপ্তার করবে কি না সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।যুক্তরাষ্ট্রে মিঠুর সম্পদ বাজেয়াপ্ত হয়েছে কি না জানতে চাইলে সচিব বলেন, এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
দুদক সূত্র জানায়, মোতাজ্জেরুল ইসলাম (মিঠু) প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়ন কাজের নামে প্রভাব বিস্তার করে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন।
মোতাজ্জেরুল ইসলামের স্থাবর ও অস্থাবর ৭৩ কোটি ৭৪ লক্ষ ৭১ হাজার ৭৩৮ টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১০ ও ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ১৮ ধারার বিধান মতে জব্দ করা হয়েছে।
এ ছাড়াও দুদক সচিব জানান, আপন জুয়েলার্সের স্বত্তাধিকারী আজাদ আহমেদ ও দীলদার আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলার অনুমোদন দিয়েছে। ।
http://dlvr.it/SxfbYK


0 Comments