বলিউড তারকা কাজলের মা বর্ষীয়ান অভিনেত্রী তনুজাকে অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয়েছে মুম্বাইয়ের একটি হাসপাতালে। রোববার বিকেলে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে রাখা হয়েছে ৮০ বছর বয়সী তনুজাকে।
মুম্বাইয়ের জুহু হাসপাতালের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বার্ধক্যজনিত সমস্যার কারণে তাকে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে তাকে। চিন্তার কিছু নেই, এখন ভাল আছেন অভিনেত্রী।
আনন্দবাজার বলছে, অভিনেত্রী তনুজার পুরো নাম তনুজা সমর্থ। পরিচালক কুমারসেন সমর্থ এবং অভিনেত্রী শোভনা সমর্থের কন্যা তিনি। ১৯৭৩ সালে পরিচালক সমু মুখোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই কন্যা কাজল এবং তানিশা। হিন্দি এবং বাংলা সিনেমাজগতে পরিচিত মুখ তিনি। ১৯৫০ সালে দিদি নূতনের সঙ্গে হামারি বেটি ছবিতে অভিনয়ে দিয়ে তনুজার হাতে খড়ি। ১৯৬০ সালে ছাবিলি-তে অভিনয় করেন যেটির পরিচালক ছিলেন তার মা শোভনা। ১৯৬১ সালে হামারি ইয়াদ আয়েগি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন।
ওই সময় তিনি বাংলা এবং হিন্দি ছবিতে সমান্তরালভাবে কাজ করতে থাকেন। ১৯৬৩ সালে উত্তম কুমারের বিপরীতে দেয়া নেয়া ছবিতে অভিনয় করেন। এ ছাড়াও ১৯৬৭ সালে অ্যান্টনি ফিরিঙ্গি, ১৯৬৯-এ তিন ভুবনের পারে এবং প্রথম কদম ফুল ১৯৭০-এ রাজকুমারী-তে অভিনয় করেন।
http://dlvr.it/T0GntS


0 Comments