Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চার মাস ধরে শূন্য এসি ল্যান্ড পদ, সেবা পেতে ভোগান্তি

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদটি সাড়ে চার মাস ধরে শূন্য পড়ে রয়েছে।
এতে নামজারি ও জমাখারিজসহ ভূমিসংক্রান্ত নানা কাজ ও দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, ওই কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) পদে এটি এম আরিফ গত বছরের ৫ নভেম্বর বদলি হয়ে জেলার মদন উপজেলায় যোগ দেন। এরপর থেকে ওই পদটি শূন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওই পদের কাজ করছেন। এসি ল্যান্ড না থাকায় ওই কার্যালয়ের নামজারি ও মিসকেস কম হচ্ছে।
কার্যালয়ে পুরাতন ও নতুন মিলে প্রায় দুই শতাধিক নামজারির আবেদন জমা হয়ে আছে। সহকারী কমিশনারের অভাবে তা নিষ্পত্তি করতে কিছুটা সময় লাগছে। অনলাইন সিস্টেম চালুর পর থেকে নিয়ম অনুযায়ী ২৮ দিনের মধ্যে খারিজ আবেদন নিষ্পত্তি করার কথা রয়েছে, কিন্তু তা ধীর গতিতে হচ্ছে। নামজারি না হওয়ায় সাবরেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশনের সংখ্যাও কমে গেছে।
গাজীপুর ইউনিয়নের রহমত মিয়া জানান, তার চাচা প্রায় দুই মাস আগে ওই কার্যালয়ে জমির নামজারি ও জমাখারিজ করার জন্য এসি ল্যান্ড বরাবর আবেদন করেন। এখনও পর্যন্ত জমির নামজারি ও জমাখারিজ করা হয়নি। এ কারণে জমি বিক্রি করতে পারছেন না।
নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ের একজন কর্মচারী বলেন, সহকারী কমিশনার পদে লোক না থাকায় ফাইল কিছুটা আটকে আছে, তবে অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও মহোদয় নিয়মিত কার্যালয়ের এসে সমাধানের চেষ্টা করেন।
এ বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা বলেন, ভূমি কার্যালয়ের কাজ হচ্ছে না তা বলা যাবে না। খারিজ নিয়মিত হচ্ছে। তবে এসি ল্যান্ড না থাকায় কিছুটা গতি কমছে। আমাকে নিজ দাপ্তরিক কাজেই বেশি ব্যস্ত থাকতে হয়।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, খালিয়াজুরি ছাড়াও গত দুই সপ্তাহ ধরে বারহাট্টায় এসি ল্যান্ড শূন্য রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত নতুন এসি ল্যান্ড যোগদান করার কথা রয়েছে। তখন সমস্যা কেটে যাবে।


http://dlvr.it/T4gxDC

Post a Comment

0 Comments