সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে মারুফ হোসেন নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজারের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারুফ তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।
এ ঘটনায় আটককৃতরা হলেন- ঝুরঝুরি গ্রামের ৪৮ বছর বয়সী মো. আবুল হাশেম হাসু, ৪৫ বছর বয়সী রফিকুল ইসলাম, ২২ বছর বয়সী আল আমিন হোসেন, ওমর ফারুক ও কাওছার হোসেন।
মরদেহ উদ্ধারের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন বিপিএম জানান, গত ৫ এপ্রিল ঝুরঝুরি বাজার থেকে মাদরাসা ছাত্র মারুফ হোসেন নিখোঁজ হয়। এর পরদিন তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও র্যাব-১২ হেডকোয়ার্টারে অভিযোগ করেন নিখোঁজ ছাত্রের বাবা। অভিযোগ পাওয়ার পর দফায় দফায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে মারুফকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেয়া হয়েছে বলে জানান আটককৃতরা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই কিশোরকে অপহরণ করার পর থেকে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করা হয়েছিল। তাকে হত্যা করার পরও মুক্তিপণ চাওয়া হয়েছে। ঘটনাটি বিশেষভাবে তদন্ত করা হচ্ছে।
http://dlvr.it/T5MPnx


0 Comments