Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

তাসকিনের জোড়া উইকেটে ব্যাকফুটে আফগানিস্তান

পাহাড়সম রানের জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও রহমত শাহ ও নাজিবুল্লাহ জাদরানের জুটিতে ভর করে লড়াইয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল আফগানিস্তান। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিলেন তাসকিন আহমেদ। দুর্দান্ত দুই ডেলিভারিতে জোড়া শিকার করলেন থিতু হয়ে বসা এই দুই ব্যাটসম্যানকে। সেই সঙ্গে দলকে এনে দেন ব্রেক থ্রু। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকে ধুঁকতে থাকে সফরকারীরা। ম্যাচের দ্বিতীয় ওভারে আফিফ হোসেনের দারুণ ফিল্ডিংয়ে সফরকারীরা হারায় তাদের প্রথম উইকেট। রান তাড়ার গতি বাড়ানোর লক্ষ্যে শরীফুল ইসলামের প্রথম ওভারের প্রথম বলে সিঙ্গেল নেয়ার সময় আফিফের সরাসরি থ্রোতে স্টাম্প হারান আফগান ওপেনার রিয়াজ হাসান। ১ রান করে তাকে সাজঘরের পথ ধরতে হয়। তিনি যখন সাজঘরে ফিরে যান সে সময় স্কোরবোর্ডে দলের রান ছিল ৯। পরে উইকেটের খাতায় নাম তোলেন শরীফুল নিজে। চতুর্থ ওভারের পঞ্চম বলে হাশমতউল্লাহ শাহিদিকে আউট করেন তিনি। উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দেয়ার আগে সফরকারী দলের অধিনায়ক করেন ৫। পাওয়ারপ্লের শেষ ওভারে আঘাত হানেন সাকিব। আজমতউল্লাহ ওমরজাইকে ধরাশায়ি করেন বাঁহাতি এই স্পিনার। এরই সুবাদে ৩৪ রান তুলতেই তিন টপ অর্ডার সাজঘরে ফেরে আফগানিস্তানের। উইকেট আগলে বিপর্যয় থেকে দলকে টেনে নিয়ে আসার মিশনে নামেন রহমত শাহ ও নাজিবুল্লাহ জাদরান। তাদের ৮৯ রানের জুটিতে ভর করে ট্র্যাকে ফেরে সফরকারীরা। এই দুই ব্যাটারের কারণে লড়াইয়ে ফেরার সম্ভাবনা দেখা দেয় আফগানদের। সেই সম্ভাবনা শেষ করেন তাসকিন। তার ডেলিভারি রহমত শাহের স্টাম্পের বেইল ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে আর তাতে ৭১ বলে ৫২ করে সাজঘরে ফিরতে হয় এই ওপেনারকে। ম্যাচের ২৯ তম ওভারে তাসকিনের সুবাদে ফিরতে হয় সেট হয়ে বসা আরেক ব্যাটার নাজিবুল্লাহ জাদরানকে। ৫৪ রান করা নাজিবুল্লাহকে কট বাহাইন্ডে ফেরান তাসকিন। বাংলাদেশের করা ৪ উইকেটে ৩০৬ রানের জবাবে ৩০ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৫ উইকেটে ১৪৬।
http://dlvr.it/SKdccS

Post a Comment

0 Comments