গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে ৬৯ জন রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একদিনে ৯ হাজার ২১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। যা সোমবার ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ।
এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২০ জনে দাঁড়িয়েছে।
সরকারি হিসাবে গত একদিনে সেরে উঠেছেন আরও ৭৪৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন সুস্থ হয়ে উঠলেন।
রোগীশূন্য ৪৩ জেলাবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলার মধ্যে ৪৩টিতে কারও করোনা শনাক্ত হয়নি।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৩৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। আর তাদের মধ্যে ২৩ জনই ঢাকা জেলার।
দেশে করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। ধীরে ধীরে সংক্রমণ বাড়তে থাকে। করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। একই বছরের মার্চে ডেল্টা ধরনে ভর করে করোনার দ্বিতীয় ঢেউ আসে। এই পর্যায়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় গত জুলাইয়ে। সংক্রমণ এতোটাই বেড়ে যায় যে শনাক্ত হার ৩৩ শতাংশ ছাড়িয়ে যায়।
দেশে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয় গত বছরের ১১ ডিসেম্বর। এরপর করোনা দ্রুতগতিতে বাড়তে থাকে। ২০ জানুয়ারি করোনার তৃতীয় ঢেউয়ে প্রবেশ করে দেশ। ২৮ জানুয়ারি করোনা শনাক্ত হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ দাঁড়ায়, যা দেশে করোনা সংক্রমণ ইতিহাসে সবচেয়ে বেশি। স্বস্তির খবর হলো করোনার তৃতীয় ঢেউও নিয়ন্ত্রণে এসেছে।
http://dlvr.it/SMZJSY


0 Comments