Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ডা. বুলবুল হত্যাকাণ্ডের মোটিভ খোঁজার দাবি স্বজনদের

গরিবের ডাক্তার হিসেবে পরিচিতি পাওয়া দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে ছিনতাইকারীরা হত্যা করেছে নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার মোটিভ আইনশৃঙ্খলা বাহিনীকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা। সোমবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর রামপুরা ভগিবালাপাড়ার বাড়িতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। ডা. বুলবুলের হত্যাকারীদের শাস্তি ও রাষ্ট্রীয়ভাবে পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে এসএসসি-৯৭ ব্যাচ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে বুলবুলকে সামাজিক কবরস্থানে বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের কবরের পাশে দাফন করা হয়। সোমবার সকালে ঢাকা থেকে মরদেহ বহনকারী অ্যাম্বুললেন্স রংপুরের রামপুরা ভগিবালা পাড়ার বাড়িতে এসে পৌঁছায়। এ সময় বুলবুলের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন এলাকাবাসী ও বন্ধুরা। নিহতের ছোট ভাই আহমেদ রাহী বুকুল বলেন, এটি পরিকল্পিত ঘটনা হতে পারে। তা নাহলে সে সকালে বাসা থেকে বের হওয়ার খবর অন্যরা পেলে কীভাবে? আমার ভাই আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করছি, কারা ভাইকে খুন করল, কেন করল সেটি খুঁজে বের করুক। এর পেছনে কেউ হয়তো লুকিয়ে আছে। প্রতিবেশী নাইমুল ইসলাম বলেন, আমরা বুঝতে পারছি না, ছিনতাইকারীরা টাকার জন্য ছুরিকাঘাত করলে টাকা মোবাইল নিত, সেটা নেয়নি। ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। বুলবুলের ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠাবসা ছিল। যদি কারও সঙ্গে কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকে, সেটি খতিয়ে দেখা উচিত। রংপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাফফার হোসেন বুলবুলের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপুরণের দাবি জানিয়ে বলেন, পুরো পরিবারটি এখন অসহায়। অভিভাবক শূন্য এই পরিবারের জন্য সরকারকে কিছু করতে হবে। বুলবুলের সন্তান দুটির ভবিষ্যৎ গড়তে এই অসহায় পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেয়ার দাবি করছি। মেয়ে সামির সঙ্গে নিহত চিকিৎসক বুলবুল। ছবি: সংগৃহীত চিকিৎসক আহমেদ মাহি বুলবুলকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তার মা বুলবুলি বেগম। একই সঙ্গে ডা. বুলবুলের দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব নিতে সরকারের প্রতি দাবি জানান তিনি। রোববার সকালে ঢাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের হামলায় নিহত হন চিকিৎসক আহমেদ মাহি বুলবুল। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে রাজধানীর শেওড়াপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। সামি নামে দেড় বছর বয়সী ছেলে ও আয়ন নামে আট বছরের মেয়ে রয়েছে বুলবুলের। ডা. আহমেদ মাহি বুলবুলের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সেনাবাহিনীর সদস্য ছিলেন। চাকরি করা অবস্থায় ১৯৯৯ সালে তিনি মারা যান। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন বুলবুল। ১৯৯৭ সালে রংপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করার পর তিনি ঢাকায় চলে যান। তিনি মগবাজারে একটি বেসরকারি ডেন্টাল কলেজে পড়াশোনা করেছিলেন।
http://dlvr.it/SMWbms

Post a Comment

0 Comments