দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে ১৮ জেলায় কেউ এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হননি। আর টানা ছয় দিন ধরে শনাক্তের হার রয়েছে ২-এর ঘরে।
স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এতথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে রয়েছেন একজন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৬ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে দেশে পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার কিছুটা বেড়ে ২ দশমিক ২৩ শতাংশে দাঁড়িয়েছে; যা সোমবার ছিল ২ দশমিক ১৮ শতাংশ।
এ নিয়ে টানা ১১ দিন করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে। আর গত ২ মার্চ থেকে রয়েছে দুইয়ের ঘরে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষায় ৪৪৬ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে।
গত ২৪ ঘণ্টায় ১৮ জেলায় করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। সোমবার ২৪ জেলাতে কোনো রোগী ছিল না। আগেরদিন করোনাশূন্য জেলার সংখ্যা ছিল ১৬টি। আর তার আগের দিন করোনাশূন্য ছিল ১০ জেলা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, শনাক্তের হার টানা ১৪ দিন ৫ শতাংশের নিচে থাকলে করোনার নিয়ন্ত্রণে বলে ধরা হয়। এ হিসেবে দেশে করোনা তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে অপেক্ষা করতে হবে আরও চার দিন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন করোনা রোগী।
গত ২০ জানুয়ারি করোনার তৃতীয় ঢেউয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আরও আট দিন সংক্রমণ ছিল ঊর্ধ্বমুখী। ২৮ জানুয়ারি শনাক্তের হার রেকর্ড গড়ার পরদিন থেকেই তা নিচের দিকে নামতে থাকে।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায় প্রথমবারের মতো। সে অনুযায়ী করোনা শনাক্তের দুই বছর পূর্ণ হলো মঙ্গলবার।
http://dlvr.it/SLHyT7


0 Comments