Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গবেষণায় একে অপরকে সহযোগিতা করবে ঢাবি-জবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মধ্যে গবেষণা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। ফলে এখন থেকে বিভিন্ন ধরনের গবেষণা কাজে এক বিশ্ববিদ্যালয় অন্য বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস সংলগ্ন লাউঞ্জে রোববার বেলা সাড়ে ১২টায় ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই এমওইউ স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভৌত ও রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষক ও গবেষক, শিক্ষার্থীরা- গবেষণা প্রকল্প বাস্তবায়ন; প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক তথ্যের আদান-প্রদান; জার্নালের আদান প্রদান; যৌথ উদ্যোগে বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সের আয়োজন; উচ্চতর গবেষণার ক্ষেত্রে গবেষক ও শিক্ষার্থীদের পোস্ট গ্র্যাজুয়েট, এমফিল ও পিএইচডি ডিগ্রির যৌথ তত্ত্বাবধান করবেন। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের রিসোর্স পার্সন, গবেষক ও শিক্ষার্থীদের সংশ্লিষ্ট অত্যাধুনিক গবেষণাগার ব্যবহার; ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মাঝে নিয়মিত পরিদর্শন; যৌথ প্রকাশনা ও যৌথ প্রকল্পের মাধ্যমে অর্জিত ফলের প্যাটেন্ট প্রক্রিয়াকরণ এবং যৌথ উদ্দেশ্য অর্জনে যেকোনো সহযোগিতা করা হবে এ চুক্তির আওতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. মমতাজ উদ্দীন আহমদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ চুক্তিতে সই করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. পরিমল বালা স্বাক্ষী হিসেবে চুক্তিতে সই করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদদীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মোস্তফা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার, পরিচালক ছাত্র-কল্যাণ অধ্যাপক ড. আইনুল ইসলাম, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমানসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
http://dlvr.it/SNK03n

Post a Comment

0 Comments