সিনেমায় দীর্ঘদিন পর কণ্ঠ দিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানটির নাম জমবে মেলা শিরোনামের গানটি থাকছে গলুই সিনেমায়। শনিবার রাতে গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে।
ঠিক কতদিন পর প্লেব্যাকে এই প্রত্যাবর্তন তা নিশ্চিত করে বলতে পারেননি হাবিব নিজেও। নিউজবাংলাকে তিনি বলেন, এটা তিন থেকে পাঁচ বছর হতে পারে। আমার ঠিক মনে নেই। এমনকি শেষ কোন সিনেমার কোন গানটায় কণ্ঠ দিয়েছি সেটাও বলতে পারবো না।
জমবে মেলা গানটি করার কারণ জানিয়ে হাবিব বলেন, প্রথমত আমি যেটা চেয়েছি নির্মাতা এস এ হক অলিক সেটা আমাকে করতে দিয়েছেন। কাজটি করতে আমি কনভিন্সড হয়েছি। তাছাড়া অনুদানের সিনেমা, অলিক ভাইয়ের কাজ ভালো হবে ভেবেই গানটি করা।
বৈশাখের থিমকে মাথায় রেখে চিত্রায়িত হয়েছে গানের দৃশ্য। এতে অংশ নিয়েছেন শাকিব খান, পূজা চেরিসহ সহশিল্পীরা।
হাবিব ছাড়াও এতে কণ্ঠ দিয়েছেন জারিন। নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে। যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ গলুই, তাই এর সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে সিনেমাটির চিত্রনাট্য।
১ মিনিট ২৫ সেকেন্ডের টিজারেও পাওয়া গেছে সেই আভাস। সিনেমায় শাকিবের চরিত্রের নাম লালু আর পূজার চরিত্রের নাম মালা। দুজনই বেড়ে উঠেছেন একই এলাকায়। নদীবিধৌত সেই এলাকাটি কৃষিপ্রধান।
সেই এলাকাই মাঝি লালুর কর্মক্ষেত্র। আর মালা জমিদারবাড়ির মেয়ে। অর্থনৈতিকভাবে সামাজিক বিভেদ, যা উপেক্ষা করে লালু-মালার প্রেম ও প্রণয়ের দৃশ্য নজর কাড়ে।
ঈদে মুক্তি পেতে যাচ্ছে গলুই। এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানের সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।
http://dlvr.it/SNH58L


0 Comments