Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

শিক্ষক হত্যা: জিতুকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম জিতুকে রিমান্ডে নিতে আদালতে পাঠিয়েছে পুলিশ। ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে বৃহস্পতিবার দুপুরে আসামিকে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন। এসআই এমদাদ বলেন, বুধবার সন্ধ্যায় শিক্ষক হত্যা মামলার প্রধান আসামি জিতুকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে আজ (বৃহস্পতিবার) র্যাব আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার কুমারখালি থেকে একই দিন প্রধান আসামির বাবা উজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে হত্যা মামলায় তাকেও ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠায়। জিতুকে গ্রেপ্তারের বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার ব্রিফিংয়ে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, হিরোইজম দেখাতে গিয়ে ওই শিক্ষককে পিটিয়ে হত্যা করেন জিতু। কোথায় ছিলেন জিতু ঘটনার পর থেকে জিতু পালিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নেন বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। তিনি বলেন, ঘটনার পর থেকেই জিতুকে ধরতে গোয়েন্দা কার্যক্রম শুরু করে র্যাব। ঘটনার দিন বিকেলে জিতু যখন বুঝতে পারে যে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছে, তখনই সে তার বাড়ি থেকে পালিয়ে মানিকগঞ্জে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেয়। সেখানে রাত কাটিয়ে পরদিন সে তার অবস্থান পরিবর্তন করে আরিচা ফেরিঘাটে পৌঁছায় এবং ট্রলারে করে নদী পার হয়ে পাবনার আতাইকুলাতে তার এক পরিচিতের বাড়িতে আত্মগোপন করে। পরদিন ভোরে সে আবারও তার অবস্থান পরিবর্তন করার জন্য আতাইকুলা থেকে বাসে করে কাজিরহাট লঞ্চ টার্মিনালে এসে লঞ্চে করে আরিচাঘাট পৌঁছায় এবং সেখান থেকে বাসে করে গাজীপুরের শ্রীপুরের ধনুয়া গ্রামে আত্মগোপন করে। সেখান থেকেই আশরাফুল ইসলাম জিতু ওরফে জিতু দাদাকে গ্রেপ্তার করে র্যাব। জিজ্ঞাসাবাদে কী বেরিয়ে এলো জিতুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাবের মুখপাত্র বলেন, ঘটনার কয়েকদিন আগে ওই স্কুলের এক ছাত্রীর সঙ্গে গ্রেপ্তারকৃত জিতুর অযাচিতভাবে ঘোরাফেরা হতে বিরত থাকার বিষয়ে শিক্ষক উৎপল কুমার প্রেষণা প্রদান করেন। এই ঘটনায় সে তার শিক্ষকের প্রতি ক্ষুব্ধ হয়ে ও ওই ছাত্রীর নিকট নিজের হিরোইজম প্রদর্শন করার জন্য তার ওপর হামলার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ঘটনার দিন সকালে একটি ক্রিকেট খেলার স্টাম্প স্কুলে নিয়ে আসে এবং তা শ্রেণিকক্ষের পেছনে লুকিয়ে রাখে ও তার শিক্ষককে আঘাত করার সুযোগ খুঁজতে থাকে। পরবর্তী সময়ে কলেজ মাঠে ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন শিক্ষক উৎপল কুমারকে মাঠের এক কোনে শিক্ষককে একাকী দাঁড়িয়ে থাকতে দেখে গ্রেপ্তারকৃত জিতু তার কাছে থাকা ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে অতর্কিতভাবে বেধড়ক আঘাত করতে থাকে। গ্রেপ্তারকৃত জিতু তার শিক্ষককে প্রথমে পেছন থেকে মাথায় আঘাত করে এবং পরবর্তী সময়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতরভাবে জখম করে পালিয়ে যায়। যা ঘটেছিল সাভারে হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান নিউজবাংলাকে বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা ছেলেদের ফুটবল ও মেয়েদের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। শনিবার স্কুলে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। এ সময় প্রতিষ্ঠানের দ্বিতীয় তলা ভবনের বারান্দায় দাঁড়িয়ে খেলা দেখছিল ছেলে শিক্ষার্থীরা। অভিযুক্ত ছাত্রও দ্বিতীয় তলায় ছিল। হঠাৎ সে নেমে মাঠের এক পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষক উৎপলকে স্টাম্প দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় উৎপলকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার সকালে উৎপলের মৃত্যু হয়। অধ্যক্ষ জানান, উৎপলের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামে। তিনি প্রায় ১০ বছর ধরে হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আরও জানান, দায়িত্বের অংশ হিসেবেই উৎপল শিক্ষার্থীদের আচরণগত সমস্যা নিয়ে কাউন্সেলিং করতেন এবং তাদের নানা অপরাধ বা নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের বিচার করতেন।
http://dlvr.it/ST67jn

Post a Comment

0 Comments