বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হলে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নিহত আবরার ফাহাদের ছোট ভাইয়ের সামনে খুলে গেছে এই বিদ্যায়তনের দরোজা। বড় ভাইয়ের মতোই মেধার স্বাক্ষর রেখে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আবরার ফাইয়াজ।
বুয়েটের বিভিন্ন বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার রাতে বুয়েটের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী আসির আনজুম খান।
প্রকাশিত ফলে দেখা যায়, ছাত্রলীগের হাতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজও ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন। তার পজিশন ৪৫০তম। তিনি যন্ত্রকৌশল বিভাগের জন্য মনোনীত হয়েছেন।
তবে ছেলেকে বুয়েটে ভর্তি করাবেন কি না সে বিষয়ে নিশ্চিত নন ফাইয়াজের বাবা বরকত উল্লাহ। নিউজবাংলাকে তিনি বলেন, আমার ছোট ছেলে ফাইয়াদও বুয়েটে চান্স পেয়েছে। তবে ভেতরের পরিস্থিতি কী সে বিষয়ে আগে খোঁজ-খবর নিয়ে দেখি।
আমার ছেলে বর্তমানে গাজীপুরের আইআইইউটিতে ভর্তি রয়েছে। বুয়েটে ভর্তি হতে হলে তো সেখানে ভর্তি বাতিল করতে হবে। সবাই মিলে চিন্তা-ভাবনা করে দেখি কী করা যায়।
বুয়েটে ভর্তিতে এবার লিখিত পরীক্ষায় অংশ নেয়া ৬ হাজার শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৫৯ জন প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান পেয়েছেন। যাচাই-বাছাইয়ের পর তাদের মধ্য থেকে ১ হাজার ২৭৯ জন এবার বুয়েটে ভর্তির সুযোগ পাবেন।
এর আগে ৪ জুন বুয়েটের ভর্তি পরীক্ষার প্রাক-নির্বাচনী পর্ব অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় প্রথম ছয় হাজার শিক্ষার্থীকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়। ১৮ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তিযোগ্য প্রার্থীদের মেধা তালিকা তৈরি করেছে বুয়েট।
বুয়েটের ভর্তি পরীক্ষার লিখিত পর্ব হয় দুটি গ্রুপে। ক গ্রুপে ছিল প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। খ গ্রুপে প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের পাশাপাশি রয়েছে স্থাপত্য বিভাগ।
প্রাক-নির্বাচনী পর্বে ক ও খ দুই গ্রুপের জন্যই গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের ওপর ১০০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা হয়।
লিখিত পর্বে ক গ্রুপের জন্য ৪০০ ও খ গ্রুপের জন্য ৬৫০ নম্বরের পরীক্ষা হয়।
এ ক্ষেত্রে ক গ্রুপের পরীক্ষা হয় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের ওপর। আর খ গ্রুপে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের পাশাপাশি মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য ১ হাজার ২২৫ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন; অপেক্ষমাণ তালিকায় আছেন ৭৫৯ জন। আর স্থাপত্য বিভাগে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৮৪ জন; অপেক্ষমাণ তালিকায় আছেন ৮৯ জন।
http://dlvr.it/ST7VBQ


0 Comments