দেশের মানুষ নয় বরং বিএনপি সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
কুষ্টিয়ায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনকালে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
হানিফ বলেন, যে দলের শীর্ষ দুই নেতা দণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ও কারাগারে থাকে সেই দল তো সংকটেই থাকবে। তাই শান্তনা খুজতে দেশ সংকটে আছে বলে প্রচার করছে বিএনপি।
সরকার বিচার বিভাগকে ব্যবহার করছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দলটির মুখে এ কথা মানায় না, কারণ তারাই এ দেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে এবং ক্ষমতায় থাকতে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিএনপি বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছিল। আওয়ামী লীগ কখনোই বিচার বিভাগে হস্তক্ষেপ করেনি কখনো করবেও না।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, দশ বছর ধরে দলটির আন্দোলন দেখে আসছি। জনবিচ্ছিন্ন দলটির আন্দোলন নিয়ে কোন কথা বলার প্রয়োজন নেই। তাদের আন্দোলন নিয়ে জনগনও ভাবে না, আওয়ামীলীগও ভাবে না। তবে যেকোনো অপতৎরতা কঠোর হস্তেই দমন করা হবে।
পরে কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে যুব গেমসের উদ্বোধন করেন হানিফ। এসময় কুষ্টিয়ার কুমারখালী আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
http://dlvr.it/SgSjmP


0 Comments