কেউ নিয়মতান্ত্রিকভাবে সমাবেশ করলে বাধা নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনদুর্ভোগ সৃষ্টি, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করলে নিরাপত্তা বাহিনী বসে থাকবে না।
শিল্পকলা একাডেমিতে রোববার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিকভাবে তাদের প্রচারণা ও উদ্দেশ্য বাস্তবায়ন করবে। সেখানে আমাদের কোনো বাধা নেই, কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করলে, রাস্তাঘাট বন্ধ করলে, মহাসড়কে যান চলচল বন্ধ বা অবরুদ্ধ করলে, সেটি আইনত দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও বলেন, ২০১৪-১৫ সালে অগ্নিসংযোগের মাধ্যমে তারা (বিএনপি) প্রচেষ্টা নিয়েছিল ঢাকাকে সংযোগ বিচ্ছিন্ন করার। নিরীহ মানুষকে অগ্নিদগ্ধ থেকে শুরু করে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা দেখেছি। তারই একটি প্রচেষ্টা কালকে (শনিবার) আমরা দেখেছি। তারা (বিএনপি) বলেছেন, তারা অবস্থান করবেন, কিন্তু অবস্থান বাদ দিয়ে তারা বড় রাস্তা, রাজপথের ওপর এসেছিলেন। এসে ভাঙচুর শুরু করেছেন। ছয়টি বাসে তারা ভাঙচুর করেছেন।
অনেক গাড়িতে ঢিল মেরে ধ্বংস করার প্রচেষ্টা নিয়েছেন। আমরা মনে করি তারা আইনবিরোধী কার্যকলাপ করেছেন। সে জন্য আইন অনুযায়ী যে ব্যবস্থা নেয়ার কথা, প্রশাসন সেগুলো নিচ্ছে।
মন্ত্রী বলেন, সরকার সব সময় তাদের (বিএনপি) বলে আসছে আপনারা এগুলো (ভাঙচুর) করবেন না। আপনাদের সহযোগিতা চাই। আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়মতান্ত্রিকভাবে করেন।
আমরা তাদের কোনো সমাবেশ, আন্দোলন, পদযাত্রায় বাধা দেই নাই। আমরা সবসময় বলে আসছি, জনদুর্ভোগ সৃষ্টি করলে কিংবা ভাঙচুর করলে কিংবা অগ্নিসংযোগ করলে আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। তাদের ওপর যে দায়িত্ব দেয়া আছে, তারা সেটি পালন করবে।
তিনি বলেন, রাজনৈতিক দল সমাবেশ করবে। সেখানে আমাদের কোনো বাধা নেই। কোন দল সমাবেশ করল বা কোন দল করল না, সেটি নিয়ে আমাদের বাধা নেই।
আমরা শুধু দেখি কেউ যাতে জনগণের জানমালের ক্ষতি না করে, রাস্তাঘাট বন্ধ করে গাড়িতে অগ্নিসংযোগ করলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে। কেউ নিয়মতান্ত্রিকভাবে সমাবেশ করলে আমাদের বাধা নেই।
http://dlvr.it/SsxKWr


0 Comments