পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালিতে শনিবার ইসরায়েল সংশ্লিষ্ট একটি পণ্যবাহী (কার্গো) জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, কৌশগলতভাবে গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ করতে তেহরানের হুমকির কয়েক দিন পর এবং সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাবের হুঁশিয়ারির মধ্যে জাহাজ জব্দের ঘটনাটি ঘটল।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে জানানো হয়, পর্তুগালের পতাকাবাহী জাহাজ এমএসসি অ্যারিসে অবতরণ করে সেটিকে ইরানের জলসীমায় নিয়ে গেছে আইআরজিসির হেলিকপ্টার।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাহাজটি ইসরায়েল সংশ্লিষ্ট।
কার্গো জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান এমএসসি জানিয়েছে, জাহাজটি জব্দ করেছে ইরান। একে নিরাপদে ফিরিয়ে আনার পাশাপাশি ২৫ ক্রুর কল্যাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
রয়টার্সের খবরে বলা হয় জোডিয়াক মেরিটাইম নামের প্রতিষ্ঠান সংশ্লিষ্ট গোর্টাল শিপিংয়ের কাছ থেকে অ্যারিস নামের কার্গো জাহাজটি লিজ নেয় এমএসসি।
জোডিয়াকের বিবৃতিতে বলা হয়, জাহাজের সমস্ত কর্মকাণ্ডের দায়ভার এমএসসির।
ইসরায়েলি ব্যবসায়ী এয়াল ওফারের আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠান জোডিয়াক।
http://dlvr.it/T5ScTw


0 Comments