বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা হয়েছে শনিবার ভোরে। শুক্রবার সকাল ৯টায় এফডিসিতে ভোট শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। এরপর জানানো হয়, ৪২৮ ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। অবশ্য ফল ঘোষণা করতে হয়ে যায় ভোর।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন স্বাক্ষরিত ফলে জানা যায়, ২০২২-২৪ কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিশা সওদাগরকে হারিয়েছেন ৪৩ ভোটে।
সভপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট। আর মিশা সওদাগর পান ১৪৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল থেকে লড়াই করেছেন জায়েদ খান ও নিপুন। জায়েদ খান ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর নিপুনের ভোট ১৬৩। অল্প ব্যবধানেই হেরে যান কাঞ্চন-নিপুন পরিষদের নিপুন।
সহ-সভাপতির দুটি পদে জয় পেয়েছেন মিশা-জায়েদ প্যানেলের দুই প্রার্থী। মনোয়ার হোসেন ডিপজলের ভোট ২১৯, মাসুম পারভেজ রুবেল পেয়েছেন ১৯১ ভোট। তাদের প্রতিদ্বন্দ্বী ডিএ তালেব ১১২ এবং রিয়াজ পেয়েছেন ১৫৬ ভোট।
পরিষদের সহসাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ২১২ ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি কাঞ্চন-নিপুর প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন। তার প্রতিদ্বন্দ্বী সুব্রত পান ১২৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে জিতেছেন শাহানূর, তার ভোট ১৮৪, আর আলেকজান্ডার বো পেয়েছেন ১৫৫ ভোট।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী পেয়েছেন ২০৫ ভোট, ১৪৩ ভোট পেয়ে হেরে গেছেন নিরব।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান জিতেছেন ২৩২ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী জ্যাকি আলমগীর পেয়েছেন ১০৭ ভোট।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজাদ খান, ফরহাদ হোসেন হেরেছেন এ পদে। তার ভোট ১৪৬টি।
এর বাইরে কার্যকরী পরিষদের ১১টি সদস্য পদে জয় পেয়েছেন অঞ্জনা সুলতানা, অরুনা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, চুন্নু, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা।
মাঝে এক ঘণ্টার বিরতি দিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা শহিদুল হারুন। শনিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ভোটের ফল ঘোষণা করা হয়।
http://dlvr.it/SJ168h


0 Comments