Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অবসরে গেলে ডাক পিয়ন হবেন ‘নগদ উদ্যোক্তা’

বাংলাদেশ ডাক অধিদপ্তরের আওতাধীন সব পোস্টম্যান বা ডাক পিয়ন এখন থেকে অবসর গ্রহণের পর চাইলেই মোবাইলভিত্তিক ব্যাংকিং সেবা নগদ-এর উদ্যোক্তা হতে পারবেন। এ যাত্রায় সর্বাত্মক সহযোগিতা করবে নগদ। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডাক পিয়নদের অবসর গ্রহণের পর নিশ্চিত একটি আয়ের ব্যবস্থা করে দেয়ার লক্ষ্যেই এমন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী সেবা নিশ্চিতও এর উদ্দেশ্য। উদ্যোক্তাকে তাদের নিজ এলাকায় অবস্থিত ডাকঘরে সেবাটি চালু করতে হবে। উদ্যোক্তা হতে সংশ্লিষ্ট পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে নগদ বরাবর। নতুন এই উদ্যোক্তাদের ব্র্যান্ডিং থেকে শুরু করে প্রযুক্তিগত দিকসহ সার্বিক সহযোগিতা করবে কোম্পানিটি। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি নগদ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে লেখেন, ডাক বিভাগের নেটওয়ার্কটি একক সংস্থা হিসেবে সরকারের সবচেয়ে বড় এবং বিস্তৃত নেটওয়ার্ক। দশ হাজারের বেশি মানুষ এখানে কাজ করে। এই মানবসম্পদকে কেন্দ্র করে নগদ জনগণের জন্য ডিজিটাল সেবায় আরও নিবেদিত হবে। এমনকি অবসরপ্রাপ্তরা এ থেকে তাদের ভালো সময় কাটানো এবং বাড়তি আয়ের সুযোগও পাবে। নতুন এই উদ্যোগের বিষয়ে নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, এই সেবার মাধ্যমে সাধারণ মানুষের দিনবদল করাই আমাদের প্রধান লক্ষ্য। ডাক বিভাগ থেকে অবসর নেয়া ডাক পিয়নরা নগদ এর উদ্যোক্তা হয়ে আমাদের প্রতিনিধি হিসেবে প্রান্ত পর্যন্ত সেবা ছড়িয়ে দেয়ার কাজ করতে পারেন। এক দিকে অবসরের পরেও তারা কাজের মধ্যে থাকতে পারবেন, আবার নিজেদের জন্য বাড়তি আয়ও নিশ্চিত হবে। সর্বনিন্ম খরচে ও সহজ সেবা দেয়ার কারণে নগদ উদ্যোক্তরা সারা দেশে এই ব্যবসায় নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি নগদ-এর উদ্ভাবনী সব সেবার ফলে উদ্যোক্তারা যেমন স্বনির্ভর হয়েছেন, তেমনি প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন আরও অনেক উদ্যোক্তা। বিশেষ করে নগদ এর কম খরচে লেনদেনের কারণে খুব অল্প সময়ে মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে সেবাটি। ফলে নগদ এর উদ্যোক্তারা স্বনির্ভর হওয়ার মাধ্যমে নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছে। বর্তমানে এই সেবার উদ্যোক্তা সংখ্যা ২ লাখ ৪২ হাজার। সর্বশেষ তথ্য অনুসারে সারা দেশে ৯ হাজার ৮৮৬টি ডাকঘর আছে, যেখানে কাজ করছেন প্রায় সমসংখ্যক ডাক পিয়ন। প্রতিবছরই উল্লেখযোগ্য সংখ্যক ডাক পিয়ন অবসরে যাচ্ছেন এবং অবসরের পর বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আর কোনো কাজ থাকে না।
http://dlvr.it/SJ61Wk

Post a Comment

0 Comments